মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তার দেশের ব্যবহারের জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি একটি বোয়িং ৭৪৭ বিমান উপহার দিয়েছেন। স্থানীয় সময় গত ১৪ অক্টোবর অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প এই চমকপ্রদ ঘটনার বিবরণ দেন। বর্তমানে ব্যবহৃত মার্কিন প্রেসিডেন্টের বিমানগুলো বেশ পুরনো হয়ে যাওয়ায় তিনি নতুন বিমানের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন। ট্রাম্প ঘটনাটি বর্ণনা করে বলেন, ‘তিনি বললেন, না, না, না, না, না, না।
ট্রাম্প জানান, তিনি কাতারের আমিরের কাছে সাময়িকভাবে ব্যবহারের জন্য একটি বোয়িং ৭৪৭ বিমান ধার চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি শেখ তামিমকে ফোন করে জানতে চেয়েছিলাম, আমাদের নতুন বিমান বহর যুক্ত হওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও বিমান বাহিনীর পক্ষ থেকে তার বিমানটি কিছুদিনের জন্য ধার পাওয়া সম্ভব কি না। কারণ আমাদের বিদ্যমান বিমানগুলোর বয়স প্রায় ৩৫ বছর।’
কাতারের আমিরের প্রশংসায় ট্রাম্প বলেন, ‘তিনি অত্যন্ত সম্মানিত ও চমৎকার মানুষ। আমি তাকে অনুরোধ করেছিলাম যেন আমাদের সাময়িকভাবে এটি ধার দেওয়া হয়।’ তবে ট্রাম্পের ভাষ্যমতে, কাতারের আমির বিমানটি ধার দিতে অস্বীকৃতি জানান এবং এর বদলে সেটি যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেওয়ার প্রস্তাব করেন। ট্রাম্প বলেন, ‘তিনি আমাকে বলেছিলেন, আপনি আমার বন্ধু। আমি আপনাকে এটি ধার নিতে দেব না, বরং চাই আপনি এটি উপহার হিসেবে গ্রহণ করুন।’
এই উপহারের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘কেউ যখন আপনাকে এমন মূল্যবান উপহার দেয়, তখন সেটি গ্রহণ করাই স্বাভাবিক এবং কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কিছু বলার থাকে না।’ তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সরকারিভাবে সেই বিমানটি গ্রহণ করেছে।
মার্কিন বিমান বাহিনী কাতারের দেওয়া এই বোয়িং বিমানটির নামকরণ করেছে ‘ভিসি-২৫বি’। ২০২৮ সালে নতুন দুটি বোয়িং বিমান মার্কিন প্রেসিডেন্টের বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার কথা রয়েছে। সেই নতুন বিমানগুলো না আসা পর্যন্ত কাতারের উপহার দেওয়া বিমানটিই প্রেসিডেন্টদের ব্যবহারের জন্য রাখা হবে বলে জানান ট্রাম্প।
সূত্র: গালফ বাংলা








