কাতারে কেক কেটে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের ১২তম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশ:

প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও নিজেদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধন সুদৃঢ় রাখার অঙ্গীকার নিয়ে কাতারে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের ১২তম বর্ষে পদার্পণ উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানী দোহার মধুবন রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আশিকুজ্জামান এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশি কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন।

সি এম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন ও জিটিভির সিইও ইকবাল করিম নিশান। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনি, রিফাত মাওলা, ফারিয়াজ, আব্দুল আউয়াল, তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম সুমনসহ অনেকে।

আলোচনা পর্বে বক্তারা প্রবাসে ঐক্য বজায় রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের সার্বিক কল্যাণে ভূমিকা রাখার প্রতি গুরুত্ব দেওয়া হয়। পরে স্থানীয় জনপ্রিয় শিল্পী জেমস, তপু ও নয়নের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মাধ্যমে বর্ষপূর্তির উদযাপন সমাপ্ত হয়।

শেয়ার করুন