বাকুতে সিকা সম্মেলনে কাতারের আমিরের অংশ গ্রহণ ও আহ্বান

প্রকাশ:

আজারবাইজানের রাজধানী বাকুর হায়দার আলিয়েভ সেন্টারে আয়োজিত ‘কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া’ (CICA)-এর সপ্তম শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আজারবাইজানের রাষ্ট্রপ্রধান ইলহাম আলিয়েভের আমন্ত্রণে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন রাষ্ট্রের শীর্ষনেতা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা যোগ দেন।

সম্মেলনে আমিরের সফরসঙ্গী হিসেবে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি এবং আমিরি দেওয়ানের প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল খানিফাই।

সম্মেলনের মূল বক্তব্যে কাতারের আমির এশিয়ার রাষ্ট্রগুলোর অভিন্ন স্বার্থ রক্ষা ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক জোরদার সমন্বয়ের তাগিদ দেন। একই সঙ্গে এশিয়া মহাদেশের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

সম্মেলনের পাশাপাশি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন কাতারের আমির। তিনি আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের সঙ্গে আলোচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলেন। এছাড়া উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকাত মিরজিইয়োয়েভের সঙ্গে পৃথক বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়। সফর শেষে আমিরের প্রতিনিধিদল বাকু ত্যাগ করে।

শেয়ার করুন