বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবার নতুন এক রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন। গুণী গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা ও সুরে এই গানটির শিরোনাম দেওয়া হয়েছে ‘সখি তুই কি তেল মাখিস চুলে’। গানটিতে প্রেম, প্রিয় মানুষের রূপ এবং মুগ্ধতার এক অপূর্ব মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়েছে। লোকজ শব্দের সুনিপুণ ব্যবহারের মাধ্যমে প্রিয়জনের সৌন্দর্যের প্রতি মুগ্ধ এক প্রেমিকের আকুল অনুভূতি এই গানে দারুণভাবে ফুটে উঠেছে। গানটির কয়েকটি পঙক্তি এমন—‘সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিছ তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।’
গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে ‘খালিদ সংগীত’ প্ল্যাটফর্ম ও গানের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে অডিও ভার্সনটি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই গানটির একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেল ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
গীতিকবি মাহবুবুল খালিদ বাংলা সংগীত ও সাহিত্য অঙ্গনে দীর্ঘ সময় ধরে নিয়মিত সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন। তাঁর লেখা পাঁচ শতাধিক গান এখন পর্যন্ত ‘খালিদ সংগীত’ ব্যানারে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পেয়েছে, যেখানে দেশের জনপ্রিয় সব শিল্পীরা কণ্ঠ দিয়েছেন। শুধু প্রেম-ভালোবাসার গান নয়, বরং সমাজের বিভিন্ন অসংগতি, মানবিক সংকট ও আলোচিত বাস্তব ঘটনা নিয়ে তিনি অসংখ্য গান লিখেছেন। বিশেষ করে শিশু গৃহকর্মী আদুরির নির্যাতন, সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড, মাগুরার শিশু আছিয়া ও রামিসার বিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মানবিক ইস্যুতে লেখা তাঁর গানগুলো মানুষের বিবেককে নাড়া দিয়েছে। এছাড়া ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের মতো আন্তর্জাতিক মানবিক বিষয়গুলোও তাঁর গানে উঠে এসেছে।
প্রতিটি সৃষ্টির মাধ্যমেই মাহবুবুল খালিদ প্রতিবাদ ও সচেতনতার শক্তিশালী বার্তা প্রদান করেন। সেই ধারাবাহিকতায় এবার আসিফ আকবরের কণ্ঠে রোমান্টিক ঘরানার এই নতুন গানটি তাঁর বৈচিত্র্যময় গানের তালিকায় যুক্ত হলো। শ্রোতারা গানটির সুর ও কথায় এক নতুন আমেজ পাবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র: দৈনিক আমার দেশ








