বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হলো সব ধর্মের মানুষের মিলেমিশে বসবাস। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেন এবং সব ধর্মের মানুষের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে বিশ্বাসী। প্রতিবছরই তিনি এই মণ্ডপে আসেন এবং এখানে যে অসাম্প্রদায়িক পরিবেশ বিরাজ করে, তা সবসময় বজায় থাকুক এমন প্রত্যাশা করেন। সবাই একসঙ্গে মিলেমিশে আনন্দ উপভোগ করে।
পূজামণ্ডপে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের আরতি উপভোগ করার পর মন্ত্রী কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছার ফুলের তোড়া তুলে দেন।
এর আগে মন্ত্রী ড. মঈন খান কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছে নৌকাযোগে নদী পার হয়ে মণ্ডপে পৌঁছান। অনুষ্ঠানে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি উপস্থিত ছিলেন। তিনি শারদীয় উৎসব নিয়ে জাতীয় গর্ববোধের কথা তুলে ধরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা যেভাবে প্রধানমন্ত্রী থাকাকালে পালিয়ে গেছেন, তাতে তার ফিরে আসার বিষয়টি একান্তই তার ব্যক্তিগত। তবে দেশে আইন রয়েছে এবং আইন অনুযায়ী সবকিছুর সুরাহা হবে। আসুন, ওনাকে আমরা যেতেও বলিনি, আবার আসতেও বলব না। উনি প্রধানমন্ত্রী থেকে কীভাবে পালিয়ে গেলেন।
উক্ত আয়োজনে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক মহাবীর পতি চন্দন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম এবং ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়াও কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক লিটন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সূত্র: দৈনিক আমার দেশ








