সৌদির মক্কা-মদিনা লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশ:

সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা অঞ্চলকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস হওয়ার পর সেগুলোর টুকরো মক্কা, জেদ্দা, তায়েফ ও রাবিগ এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। শনিবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। কর্তৃপক্ষের মুখপাত্র জানান, মক্কার ওয়াদি আল-মাগমাস, জেদ্দার আল-নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের মাসতুরাহ সেন্টারে ধ্বংসাবশেষগুলো পড়েছে। এ ধরনের পরিস্থিতিতে নির্ধারিত নিয়ম ও সুরক্ষা পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সৌদি আরবের পক্ষ থেকে হামলার এই তথ্য জানানোর পর ইয়েমেনের হুতিরা মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলোকে লক্ষ্যবস্তু করার সব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বলে এএফপি সূত্রে জানা গেছে।

ইসলামের পবিত্রতম স্থানগুলোর কাছাকাছি এলাকায় হুতিদের হামলার চেষ্টা এটিই প্রথম নয়। এর আগে গত ১লা অক্টোবর সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুতিরা মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলা চালিয়েছে, যা মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করে। সেই হামলায় একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল ছিল। জোটের দাবি, তদন্ত এবং ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে হুতিদের সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। তবে হুতিরা এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর সৌদি কর্তৃপক্ষ মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন শহরটির আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করার কথা জানায়। জোটের ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালের পর মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি ছিল দ্বিতীয় বড় প্রচেষ্টা। যদিও হুতিরা বরাবরের মতোই মক্কা কিংবা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানকে লক্ষ্যবস্তু করার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। একই দিনে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ মক্কাসহ ইয়ানবু, তায়েফ, জেদ্দা ও তাবুক এলাকার জন্য একাধিক সতর্কবার্তা জারি করেছিল।

শেয়ার করুন