নেদারল্যান্ডসের জিল্যান্ড প্রদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে ভাসমান অবস্থায় একটি ইঞ্জিনবিহীন রাবারের নৌকা থেকে ৩৮ জন পুরুষকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধার পাওয়া ব্যক্তিদের কারোর গায়েই কোনো লাইফজ্যাকেট ছিল না। গত শনিবার ডাচ সামরিক পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৬ জন আফগানিস্তানের নাগরিক। বাকি দুজন সুদানের নাগরিক, যাদের মানব পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নৌকাটি ঠিক কোথা থেকে এসেছে বা কোথায় যাচ্ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি স্থানীয় প্রশাসন।
সামরিক পুলিশের মুখপাত্র ডোরন ওয়ালিন এপিকে জানান, যাত্রীরা ফ্রান্স, নেদারল্যান্ডস নাকি বেলজিয়াম থেকে এসেছেন তা এখনো অজানা। তিনি উল্লেখ করেন, এ ধরনের ছোট নৌকায় অভিবাসীদের যাত্রা সাধারণত ফ্রান্স ও বেলজিয়ামের উপকূলে দেখা গেলেও নেদারল্যান্ডসের জলসীমায় এমন ঘটনা অত্যন্ত বিরল।
সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রপথে ইউরোপের বিভিন্ন সীমান্ত থেকে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা বাড়লেও নেদারল্যান্ডস উপকূলে এটি একটি ব্যতিক্রমী ঘটনা। ডাচ কর্তৃপক্ষ এই পুরো ঘটনার রহস্য উদঘাটনে ও বিস্তারিত তথ্যের সন্ধানে রোববার থেকে আনুষ্ঠানিক তদন্ত পরিচালনা শুরু করার কথা জানিয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








