শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় নান্দাইলে মসজিদের খতিব অব্যাহতি

প্রকাশ:

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২৩ অক্টোবর জুমার খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’ নিয়ে আলোচনার সময় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ আসে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করেন খতিব। এই বক্তব্যের জেরে মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আ. হক ও সোলাইমান মিয়া জানান, খতিবের দায়িত্ব কেবল নামাজ পড়ানো নয়, প্রয়োজনে সত্য কথা বলাও তার কাজের অংশ। তার কোনো কথায় মতভেদ থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করার সুযোগ ছিল, কিন্তু হঠাৎ তাকে অব্যাহতি দেওয়াকে তারা সঠিক মনে করছেন না। বিষয়টি নিয়ে এলাকার মুসল্লিদের মাঝেও নানা গুঞ্জন চলছে।

অব্যাহতির বিষয়টি স্বীকার করে মাওলানা মোজাহিদুল ইসলাম জানান, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন। বিষয়ের খাতিরে উদাহরণ দিতে গিয়ে ওই মন্তব্য করেছিলেন। তিনি অভিযোগ করেন, মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রতিহিংসাবশত তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। তবে এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া।

ফেরদৌস ভূঁইয়া পাল্টা অভিযোগ করে বলেন, মাওলানা মোজাহিদুল ইসলাম মূলত জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি জানান, এক বছর আগে এক ছাত্রদল নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে দোয়া করতে অনুরোধ জানালেও খতিব তা করেননি। মসজিদে নিয়মিত রাজনৈতিক আলোচনা করা এবং জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার ঘটনায় মুসল্লিদের আপত্তি থাকায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

শেয়ার করুন