জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করতে আজ বিকালে রাজপথে নামছে বিএনপি। দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রার আগে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। এর পরই তিনি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন এই শোভাযাত্রার।
দুপুর থেকেই রাজধানী ও আশপাশের এলাকা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন। তাদের হাতে শোভা পাচ্ছে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন প্ল্যাকার্ড। নানা রঙের টি-শার্ট ও টুপি পরা নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে। দলীয় সূত্রে জানা গেছে, বিকাল ৩টায় শোভাযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে সমাবেশ শেষে শোভাযাত্রাটি রাজধানীর নির্ধারিত পথ প্রদক্ষিণ করে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
দলীয় পক্ষ থেকে শোভাযাত্রাটি সুশৃঙ্খলভাবে শেষ করার জন্য বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে। দলের নিজস্ব স্বেচ্ছাসেবকরা সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র: মানবজমিন








