চট্টগ্রাম ও সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: দাবি বিজেপি নেতা নিশিকান্তের

প্রকাশ:

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট অঞ্চল ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে। শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। দুবের অভিযোগ, দেশভাগের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ওই অঞ্চলগুলো পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। এর ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চল চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার হারিয়ে উন্নয়ন ও যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।

বিজেপির এই সংসদ সদস্যের দাবি, এই তিনটি অঞ্চল ঐতিহাসিকভাবে ত্রিপুরার (টিপরা) রাজ্যের অংশ ছিল। তিনি বলেন, মহারাজা বীর বিক্রম দেবের মৃত্যুর পর তৎকালীন মহারানি কাঞ্চনপ্রভাকে কোনো কিছু না জানিয়েই এসব ভূখণ্ড হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম হস্তান্তরের ক্ষেত্রে ত্রিপুরার রাজপরিবারের সাথে কোনো ধরনের পরামর্শ করা হয়নি বলেও তার অভিযোগ। তার মতে, র‌্যাডক্লিফ লাইন কিংবা ম্যাকমোহন লাইনের ভিত্তিতে এসব অঞ্চল পাকিস্তানের কাছে হস্তান্তর করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ।

নিশিকান্ত দুবে আরও বলেন, ভারতের ভূখণ্ড হারানোর বিষয়টি শুধু কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকা অনেক অঞ্চল ঐতিহাসিকভাবে ভারতের সাথে সংশ্লিষ্ট ছিল। তিনি বলেন, ‘এখন কেবল পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারেরই নয়, বরং নেহরুজি যে অঞ্চলগুলো জোরপূর্বক হস্তান্তর করেছিলেন—সে নোয়াখালী, চট্টগ্রাম বন্দর বা সিলেট, যা-ই হোক না কেন—সেগুলোও ফিরিয়ে আনার সময় হয়েছে।’

চট্টগ্রাম বন্দরে ভারতের প্রবেশাধিকার ফিরে পেলে উত্তর-পূর্বাঞ্চলের বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে দুবে উল্লেখ করেন। তার দাবি, ভারতের সামগ্রিক উন্নয়নের স্বার্থেই চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট পুনরুদ্ধার করা প্রয়োজন।

শেয়ার করুন