দুই এসএমই কোম্পানির অর্থ ব্যয় নিয়ে তদন্তে বিএসইসি

প্রকাশ:

শেয়ারবাজারের দুই এসএমই কোম্পানি কৃষিবিদ সিড এবং ওয়েব কোটসের কিউআইও (QIO) বা কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে সংগ্রহ করা ১৭ কোটি টাকার ব্যবহার নিয়ে তদন্ত শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে গত ২ নভেম্বর সংস্থাটির পক্ষ থেকে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোম্পানি দুটির অর্থ ব্যবহারের স্বচ্ছতা যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তদন্ত প্রক্রিয়া পরিচালনার জন্য কৃষিবিদ সিডের বিষয়ে বিএসইসির উপপরিচালক মওদুদ মোমেন ও সহকারী পরিচালক মোহাম্মদ রুমান হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ওয়েব কোটসের আর্থিক কার্যক্রম পর্যালোচনার দায়িত্ব পেয়েছেন কমিশনের যুগ্ম পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং সহকারী পরিচালক ফারহানা ওয়ালেজা।

কমিশন থেকে পাঠানো আদেশে বলা হয়েছে, উত্তোলিত অর্থ যেসব খাতে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়ে সংগ্রহ করা হয়েছিল, তা প্রকৃতপক্ষে সেই অনুযায়ী খরচ হয়েছে কি না, তা তদন্তকারী দলকে নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি কোম্পানিগুলোর দাখিল করা আর্থিক বিবরণী যাচাই-বাছাই করা এবং প্রকল্প বা সম্পদের বিপরীতে ব্যয়ের বিষয়টি সরেজমিনে পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে কোম্পানি দুটির ব্যাংক হিসাবের লেনদেনের বিস্তারিত তথ্যও খুঁটিয়ে দেখবে বিএসইসি।

তদন্ত দলের কর্মপরিধির মধ্যে আরও রয়েছে কিউআইওর অর্থ লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করা। আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া গেলে এর জন্য দায়ীদের ভূমিকা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এছাড়া সিকিউরিটিজ আইন, বিধি বা নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা লঙ্ঘনের ক্ষেত্রে কোম্পানির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা, কোম্পানি সচিব, নিরীক্ষক বা অন্য যেকোনো ব্যক্তির সংশ্লিষ্টতা আছে কি না, তা-ও তদন্ত প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে তুলে ধরতে বলা হয়েছে।

শেয়ার করুন