ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। রোববার রাজধানীর তেজগাঁওয়ে হোটেল হলিডে ইনে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী স্পষ্ট করেন, শেখ হাসিনার বিষয়ে কোনো আবেগের স্থান নেই এবং সব ব্যবস্থা নেওয়া হচ্ছে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তিনি বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা আমরা ডিউ প্রসেসে করছি। সেখানে আমাদের আইনসংগতভাবে ডিল করা হবে।
ভারত সরকারের অবস্থান প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিষয়টি ভারতের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তবে এক্সট্রাডিশন চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য আমরা তাদের কাছে অনুরোধ করেছি। ভারত সরকার তাকে ফিরিয়ে দিলে আমরা তাকে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করব। ভারতে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে রাখা প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, আমার কাছে তিনি একজন সাজাপ্রাপ্ত অপরাধী। রাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশ্য আদালতে তার বিচার সম্পন্ন হয়েছে। ভারত তাকে কীভাবে বিবেচনা করছে, সেটি তাদের নিজস্ব বিষয়। বিষয়টা হলো আমি আমার আইনটাকে প্রয়োগ করব।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সেই আন্দোলনে ১৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৩০ হাজার মানুষ পঙ্গু হয়েছেন। বিচার প্রক্রিয়ায় কোনো ত্রুটি রাখা হয়নি বা ক্যামেরা ট্রায়াল করা হয়নি। আইন ও বিচার ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রেখে সব কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, ‘আপনারা যখন এই প্রশ্নটা করছেন, তাহলে তার আগে চিন্তা করেন আপনারা—১৪০০ মানুষ কি মারা যায়নি জুলাই গণঅভ্যুত্থানে। ন্যায়বিচারে কোনো রকম ঘাটতি রাখা হয়েছে।
সূত্র: মানবজমিন








