উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলা নয়: ট্রাম্প

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর বিশেষ অনুরোধেই তিনি ইরানে আপাতত বড় কোনো সামরিক হামলা চালানো থেকে বিরত রয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর চাপের মুখে তেহরানের ওপর সামরিক কৌশলে কিছুটা সংযম প্রদর্শন করা হচ্ছে। যদিও তিনি এই অনুরোধের সঙ্গে ব্যক্তিগতভাবে পুরোপুরি একমত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ট্রাম্পের ভাষ্যমতে, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন চাইছে বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকুক। তিনি স্পষ্ট করে বলেছেন, মিত্র দেশগুলোর এমন অনুরোধ না থাকলে তিনি ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালাতেন। আপাতত যুক্তরাষ্ট্র তেহরানকে কেবল অর্থনৈতিক ও সামরিক চাপের মুখে রেখেছে।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের সক্ষমতা ধূলিসাৎ করে দেওয়ার সামর্থ্য যুক্তরাষ্ট্রের রয়েছে। তিনি বলেন, ‘মাত্র এক দিনে তাদের জ্বালানি অবকাঠামো ধ্বংস করা সম্ভব। একইভাবে এক দিনে সেতুগুলো এবং পরবর্তী দিনে দেশটির উৎপাদন ব্যবস্থা পুরোপুরি অকেজো করে দেওয়া যায়। আমার কাজের জন্য মাত্র তিন দিন সময় প্রয়োজন।’

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যা মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে প্রভাব ফেলেছে বলে ট্রাম্প স্বীকার করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, তেহরানের বিরুদ্ধে যেকোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি নিজের অবস্থানে অটল রয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলের আসন্ন নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মোসাদ প্রধান ইরানে হামলার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করেছিলেন বলেও সাক্ষাৎকারে ইঙ্গিত পাওয়া গেছে। একইসঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থায় ফিরে যাবে না।

শেয়ার করুন