ইরানের সিরিক বন্দরে রহস্যময় হামলা: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

প্রকাশ:

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে মধ্যরাতে রহস্যময় হামলার ঘটনা ঘটেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটিতে কয়েক দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ ঘটনাকে ‘শত্রুপক্ষের’ হামলা হিসেবে উল্লেখ করেছে। তবে ঠিক কারা এই হামলা চালিয়েছে কিংবা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

ইরানের সরকারি সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করলেও এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কিনা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি কর্মকর্তারা প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম প্রথমে বিস্ফোরণের কারণ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেও পরে জানায়, সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে কোনো জাহাজের ওপর সতর্কতামূলক গুলির কারণে এমন শব্দ হয়ে থাকতে পারে। তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পূর্ব উপকূলে অবস্থিত সিরিক শহরটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। আলজাজিরা ও আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি গভীর রাতে ঘটেছে। যদিও সামরিক ধরনের এই হামলার লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। অন্যদিকে ইরনা’র বরাত দিয়ে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট আগেই (গভীর রাতে) হামলাটি হয়েছে।

এদিকে সিরিকে এই হামলার খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ঘটনার প্রতিক্রিয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তাৎক্ষণিকভাবে বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হামলার পরবর্তী প্রভাব ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে।

শেয়ার করুন