জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় নগর অবকাঠামোকে আরও শক্তপোক্ত করা, শক্তি-সাশ্রয়ী ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় আর্থিক অর্থায়ন বাড়ানোর বিষয়ে একমত হয়েছে বিশ্বের ১০০টিরও বেশি দেশ। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) বিশ্বনেতা পর্যায়ের বৈঠকের দ্বিতীয় দিনে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ঘোষণার বিষয়টি সামনে আনা হয়। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে নগরভিত্তিক সহনশীলতা বৃদ্ধি ও টেকসই বাসস্থানের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনায়ও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মেলনে উপস্থিত রাষ্ট্রগুলো ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’ উদ্যোগে নিজেদের সম্মতি প্রকাশ করেছে। এর প্রাথমিক লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী ভবনের পরিচালনাগত জ্বালানি ব্যবহার ২৫ শতাংশ কমানো এবং কার্যকর বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ ঘটানো। একই সঙ্গে বৈশ্বিক পর্যায়ে ছয়টি মডেল টেকসই ভবন প্রকল্পকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়েছে। কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ুবিষয়ক প্রতিটি পদক্ষেপের প্রকৃত সুফল সাধারণ মানুষের বসবাসস্থলে পৌঁছানো জরুরি। সে লক্ষ্যে নিরাপদ জনপদ, পরিবেশবান্ধব আবাসন ও টেকসই অবকাঠামো তৈরি করা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতের পরিচালনাগত জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমানো এবং ভবনে দক্ষ বিদ্যুতায়ন বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও একটি দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মের অধীন প্রাথমিকভাবে ২০টি প্রশাসনিক এলাকায় বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার ও রিসাইক্লিংয়ের কার্যক্রম শুরু হয়েছে, যা পরবর্তীতে ১০০টি জেলায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে। এ ছাড়া সম্মেলনের বিজনেস ফোরামে ৩০০টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীসহ ৬০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন। এ আয়োজনের অংশ হিসেবে তুরস্ক ও চীন নবায়নযোগ্য জ্বালানি খাতে ১৫ বিলিয়ন ডলারের একটি বিশাল দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন করেছে। এই চুক্তির ফলে তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ, ৪ হাজার মেগাওয়াট সঞ্চালন সক্ষমতা এবং শক্তি সংরক্ষণ প্রযুক্তি জোরদার করা হবে। এদিন তুরস্ক ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রায় ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জলবায়ু অভিযোজন ও শিল্প খাতকে কার্বনমুক্ত করার লক্ষ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্রকল্পে সর্বোচ্চ ২৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি পাঁচটি দেশ ও একটি সুনির্দিষ্ট অঞ্চলের অভিযোজন কার্যক্রমে আরও সর্বোচ্চ ১৯০ মিলিয়ন ডলার প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর জলবায়ুগত নিরাপত্তা নিশ্চিতে তাদের নিজস্ব উদ্যোগে গঠিত ‘প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটি’ তহবিলে ২০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি মিলেছে, যেখানে বেসরকারি খাত থেকে মিন্ডেরু ফাউন্ডেশন প্রথম সংস্থা হিসেবে ৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।
সম্মেলনের আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন জলবায়ু সংকটকে প্রশান্ত মহাসাগরীয় এলাকার জন্য মারাত্মক অস্তিত্বের হুমকি হিসেবে আখ্যায়িত করে দ্রুত অর্থ ছাড় ও কার্যকর ভূমিকার তাগিদ দিয়েছেন। সম্মেলন চলাকালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) ও ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরাও জলবায়ু ঝুঁকি কমাতে জ্বালানিসাশ্রয়ী আবাসন ও নগর সহনশীলতা সংক্রান্ত প্রতিটি অঙ্গীকার দ্রুত বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
সূত্র: যুগান্তর








