পোশাক খাতের অস্থিরতা বড় চ্যালেঞ্জ হবে: ড. নাজনীন আহমেদ

প্রকাশ:

তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও চলমান অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে পুরো শিল্প খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। এমনটা সতর্কবার্তা দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদে তিনি এ কথা বলেন। মজুরি নির্ধারণে মালিক, শ্রমিক ও সরকারকে একসঙ্গে বসে আলোচনা করতে হবে।

ড. নাজনীন আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে কারখানাগুলো সময়মতো পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে বিদেশি বায়ারদের সঙ্গে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, কেবল মজুরি বৃদ্ধি করলেই শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। পোশাক শিল্পের টেকসই স্থিতিশীলতার জন্য ন্যায্য মজুরির পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ, মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকের অধিকার এবং যথাযথ সদাচার নিশ্চিত করা জরুরি। মজুরি নির্ধারণের ক্ষেত্রে পণ্যের দাম, শ্রমিকের জীবনযাত্রার ব্যয় এবং মালিকপক্ষের সক্ষমতার ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। মজুরি বোর্ড আরও আগে গঠন করা হলে বিদ্যমান অস্থিতিশীলতা অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো বলেও তিনি মন্তব্য করেন। বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি বাড়ছে।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি দাবিসহ পাঁচ দফা আন্দোলনে সংঘাত ও ভাঙচুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হলেও পূর্ণাঙ্গ স্থিতিশীলতা এখনো ফেরেনি। এ অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং বায়ারদের আস্থা হারাচ্ছে। তিনি উল্লেখ করেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল তৈরির যে পরিকল্পনা নিয়েছে, তা অত্যন্ত ইতিবাচক এবং শ্রমিকবান্ধব।

হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, পোশাক খাতের এই আন্দোলনে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন আছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে শ্রমিকের ছদ্মবেশে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিযোগিতামূলক এই আয়োজনে ঢাকা কলেজকে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিজয়ী হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আবুল কাশেম, হোসাইন শাহাদাত, মো. আতিকুর রহমান এবং বিআইডিএসের রিসার্চ ফেলো কাশফি রায়ান। শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

শেয়ার করুন