তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা, নিহত ২ যাত্রী

প্রকাশ:

রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিতর্কের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার ঘটনায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিয়ারগলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কানু মিয়ার ছেলে মুকুল (৩০) এবং লোকমান হোসেনের ছেলে শাকিল (২৮)। তারা দুজন কুমিল্লার একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহণের একটি বাসে বাড়ি ফিরছিলেন ওই গ্রামের বেশ কয়েকজন যাত্রী। রংপুরের পাগলাপীর এলাকায় পৌঁছালে বাসভাড়া নিয়ে কন্ডাক্টর ও হেলপারের সঙ্গে যাত্রীদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারাগঞ্জ এলাকায় পৌঁছালে হেলপার ও কন্ডাক্টর মিলে মুকুল, শাকিল ও আতিকুল ইসলামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুকুল ও শাকিল প্রাণ হারান এবং আতিকুল ইসলাম গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা খিয়ারজুম্মা বাজার এলাকায় খবর দিলে সেখানকার বাসিন্দারা বাসটি আটক করতে সক্ষম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মুকুল ও শাকিলকে মৃত ঘোষণা করেন। তিনি ঘাতক বাসটি আটকের কথাও জানিয়েছেন।

এই ঘটনার পর নিহতদের স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন। তারা বিচারের দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন