রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম: প্রভোস্টের সঙ্গে ছাত্রদলের বাকবিতণ্ডা

প্রকাশ:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের নবনির্মিত সাইকেল গ্যারেজের উদ্বোধন ঘিরে হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকারের সঙ্গে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে প্রভোস্টের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনাস্থলে ছাত্রদল কর্মী খন্দকার মেহেদী প্রভোস্টকে সরাসরি উদ্দেশ্য করে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরকে নিয়ে কোনো প্রকার কর্মসূচি আয়োজন করা যাবে না। কেন শিবির নেতাদের সঙ্গে নিয়ে এই প্রোগ্রাম করা হলো, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। মতিহার হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা অভিযোগ করেন যে, গ্যারেজ নির্মাণ ও নিরাপত্তার স্বার্থে গ্রিল বসানোর দাবি ছাত্রদলই তুলেছিল। অথচ সেই গুরুত্ব তাদের না দিয়ে শাখা শিবিরের নেতাকর্মীদের দেওয়া হয়েছে। রানার ভাষ্যমতে, ছাত্রদলকে অনুষ্ঠানের ১০-১৫ মিনিট আগে জানানো হলেও শিবির নেতাদের অনেক আগেই অবহিত করা হয়েছে। তাদের মতে, প্রভোস্ট নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই এমন পক্ষপাতমূলক আচরণ করছেন।

অভিযোগের বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকার জানিয়েছেন, তিনি কাউকে আলাদাভাবে অনুষ্ঠানে ডাকেননি। গত বৃহস্পতিবার একটি নোটিশের মাধ্যমে সবাইকে এই উদ্বোধনী আয়োজনে থাকার আহ্বান জানানো হয়। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠান শুরুর সময় উপস্থিতি নিশ্চিত করতে হলের কর্মকর্তারা শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের রিমাইন্ডার দিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে হল সংসদের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলাম বিষয়টি নিয়ে ভিন্ন মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, গ্যারেজ নির্মাণে হল সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি কোনো দলীয় পরিচয়ে নয়, বরং সাবেক ভিপি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। হল প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে তাজুল ইসলাম জানান, গ্যারেজের কাজ অনেক আগেই শেষ হয়েছিল এবং হল সংসদ থাকাকালীন সময়েই তা উদ্বোধনের কথা ছিল, কিন্তু প্রশাসন তা সহজ করেনি। এই উত্তপ্ত বিতর্কের সময় মতিহার হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নিশাতসহ ছাত্রদল কর্মী জাহিদ হাসান, আল আমিন রিজভী, সুলগ্ন রায় শুভ, আবদুল্লাহ আল মোস্তাফিজ ও জালাল ফারাজী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন