গোপালগঞ্জে অস্ত্র হাতে আওয়ামী লীগের মহড়া, পুলিশ যান ভাঙচুর

প্রকাশ:

গোপালগঞ্জে লগি-বইঠা, রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এই মহড়া দেওয়া হয়। সকাল থেকেই পৌরসভার নানা ওয়ার্ডের শত শত নেতা-কর্মী ও সমর্থক শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় জড়ো হন। হেলমেট পরিহিত অনেকেই এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

পুলিশের যান ও স্মৃতিস্তম্ভে হামলা

বিক্ষোভের একপর্যায়ে নেতা-কর্মীরা সেখানে থাকা পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ওপর উঠে স্লোগান দেন। তারা গাড়িটির পেছনের লুকিং গ্লাস এবং পাশের একটি পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। সাঁজোয়া যানটির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখতেও দেখা যায় তাদের।

মিছিলের সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেয় আন্দোলনকারীরা।

শেয়ার করুন