কাতারের বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সামনে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনার স্বরূপ তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ইতিহাসভিত্তিক আলোচনা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানের প্রথম পর্বের কার্যক্রম শুরু হয় অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হোসাইনের সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাদ বিন তাফসির। এরপর জাতীয় সংগীতের তালে পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ। তিনি শিক্ষার্থীদের সামনে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এছাড়া এই পর্বে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিনের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল ১১টায় স্কুল মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমদ। এতে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান মাহমুদ চৌধুরী। এছাড়াও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য আব্দুল মতিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, এ কে এম আমিনুল হক, মো. মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ এবং সিপাহী-জনতার বিপ্লবের প্রেক্ষাপট নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা অভিমত ব্যক্ত করেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দিনটি একটি অনন্য অধ্যায়। সে সময় মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন ধারার সূচনা হয়, যা পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়নমুখী রাজনীতির পথে দেশকে এগিয়ে নেয়। জাতীয় ঐক্য ও দেশপ্রেমের মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে দিবসটির বিশেষ গুরুত্ব রয়েছে বলে তাঁরা মন্তব্য করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নির্মিত দুটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। দিনের শেষভাগে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের দলীয় সংগীত ও নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে সহকারী অধ্যাপক মো. জুলফিকার আজাদের স্বরচিত কবিতা পাঠ ও বিভিন্ন পরিবেশনা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। বিজিএস শিক্ষক মো. তাফসির উদ্দিনের চমৎকার সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জাতীয় চেতনার বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে গণ্য হচ্ছে।
সূত্র: গালফ বাংলা








