ভারত-চীন সীমান্তে রহস্যময় বিমানের চক্কর, উদ্বেগে প্রতিরক্ষা ব্যবস্থা

প্রকাশ:

গত ১২ নভেম্বর সিকিম সীমান্তের আকাশে একটি বিমানের অননুমোদিত উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চীনের দিক থেকে উড়ে আসা বিমানটি দীর্ঘ ২০ থেকে ২৫ মিনিট ধরে ভারতের আকাশসীমায় ঘোরাঘুরি করে। বিষয়টি নিয়ে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানায়, গত ১২ নভেম্বর চীনের দিক থেকে সিকিম সীমান্তের দিকে উড়ে আসে বিমানটি। তবে বিমানটি কাদের মালিকানায় ছিল, কেন উড়ে এসেছিল, তা এখনো স্পষ্ট নয়। সিকিমের ভারত-চীন সীমান্তে একটি বিমানের গতিবিধিকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য।

সেনা সূত্রে জানা গেছে, সকাল ৮টা নাগাদ ভারতীয় বিমানবাহিনীর রাডারে বিমানটির গতিবিধি ধরা পড়ে। প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় থাকা এই বিমানটিকে অবিলম্বে আকাশসীমা ছেড়ে যাওয়ার জন্য একাধিকবার রেডিয়ো বার্তার মাধ্যমে সতর্ক করা হয়েছিল। কিন্তু বারবার নির্দেশ দেওয়ার পরেও বিমানটি অন্তত ২০ মিনিট ওই এলাকায় চক্কর কাটে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের ওপর নজরদারির সুযোগ রয়েছে ওই এলাকা থেকে। এই করিডোরটি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত রাখে। ফলে এই ঘটনাটিকে কেবল আকাশসীমা লঙ্ঘন হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা; বরং এটিকে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওই করিডোর উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে দেশের বাকি প্রান্তের যোগাযোগের প্রধান পথ।

তবে এখন পর্যন্ত বিমানটির মালিকানা বা কেন তা ভারতীয় সীমান্তের দিকে এসেছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় বিমানবাহিনী কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বর্তমানে পুরো বিষয়টি নিয়ে গোয়েন্দা ও প্রতিরক্ষা সংস্থাগুলো তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন