বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেড়ে যাওয়ার প্রত্যাশায় দরপতনের ধারা অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে স্বস্তি আসায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩৩ ডলারে নেমে এসেছে। এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ১৩ শতাংশ কমেছিল। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি দ্রুত পুনরুদ্ধার হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, চলতি বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ওই সময়ে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে, যা সম্ভাব্য চাহিদার চেয়ে ১৭ লাখ ব্যারেল বেশি। অথচ এর আগে সংস্থাটি সরবরাহ ঘাটতির আশঙ্কা করেছিল। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ব্যবসায়ীরা বাজারে সরবরাহ ঘাটতির পরিবর্তে অতিরিক্ত তেলের সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন, যা বাজারের মনোভাব বদলে দিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এতে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।
তেল পরিবহনের সুবিধা বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোন্স অ্যাক্টের ওপর প্রদত্ত ছাড় আরও ৯০ দিনের জন্য বর্ধিত করেছেন। এই আইনের আওতায় মার্কিন বন্দরগুলোর মধ্যে পণ্য পরিবহনে মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও বর্তমান ছাড়ের ফলে বিদেশি পতাকাবাহী জাহাজগুলোও তেল, পেট্রল ও ডিজেল পরিবহনের সুযোগ পাবে।
সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ওই অঞ্চলে ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। রবিবার রাতে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি নৌমাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া জাহাজ চলাচলের ঝুঁকি এবং তেল পরিবহনে ব্যবহৃত ট্যাংকারের স্বল্পতা এখনো উচ্চ পরিবহণ ব্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে বিনিয়োগকারীরা এখন ভূরাজনৈতিক ঝুঁকি হ্রাসের সংকেতগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এদিকে রোববার রাতে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি নৌমাইনে আঘাত লেগে তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে সৃষ্ট ভূরাজনৈতিক ঝুঁকি কমার ইঙ্গিত পর্যালোচনা করছিলেন বিনিয়োগকারীরা।
সূত্র: যুগান্তর








