যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য ইরান হাত গুটিয়ে বসে থাকবে না বলে স্পষ্ট করেছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। প্রয়োজনে তেহরান আগাম পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও তিনি সতর্কবার্তা দিয়েছেন। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন, যা পরে দেশটির ফার্স সংবাদ সংস্থা প্রকাশ করে।
কূটনীতির আড়ালে যুক্তরাষ্ট্র সময়ক্ষেপণ করছে এবং এর মাধ্যমে নতুন করে হামলার ক্ষেত্র তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঘারিবাবাদি। তিনি জোর দিয়ে বলেন, ইরান কিউবা নয় যে দেশটিকে অবরুদ্ধ করে ফেলা যাবে, আবার ভেনেজুয়েলাও নয় যে চাপে পড়ে আত্মসমর্পণে বাধ্য হবে। তেহরানের ওপর এখন পর্যন্ত আকাশ বা স্থলপথে কোনো ধরনের অবরোধ আরোপের মার্কিন প্রচেষ্টা সফল হয়নি বলেও তিনি দাবি করেন।
এ সময় তিনি জানান, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বর্তমানে নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক এই বক্তব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের অনমনীয় ও কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: যুগান্তর








