দ্বিগুণ হলো কৃষিঋণ বিতরণ, সাড়ে ৩ গুণ বাড়ল খেলাপি

প্রকাশ:

গত এক দশকে বাংলাদেশে কৃষি খাতে ঋণ বিতরণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তবে এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে খেলাপি ঋণের বোঝা। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, এই সময়ের ব্যবধানে বিতরণ করা ঋণের তুলনায় খেলাপি ঋণের বৃদ্ধির হার অনেক বেশি। ২০১৬-১৭ অর্থবছরে যেখানে প্রায় ২১ হাজার কোটি টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছিল, সর্বশেষ গত অর্থবছরে তা প্রায় ৪৩ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ, এক দশকের ব্যবধানে বিতরণ দ্বিগুণ হয়েছে। অন্যদিকে, একই সময়ে খেলাপি ঋণের চিত্র আরও উদ্বেগজনক; ২০২৬-২৭ অর্থবছরে কৃষি খাতে খেলাপি ঋণ ছিল ৫ হাজার ২৪০ কোটি টাকা, যা গত অর্থবছর শেষে বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ কোটি টাকায়। সহজ কথায়, কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে তিন গুণেরও বেশি।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কৃষিঋণ বিতরণের গতি বেড়েছে। এই তিন মাসে বিভিন্ন ব্যাংক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মোট ১১ হাজার ১৩১ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যেখানে গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৮ হাজার ৭৯০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কৃষিঋণ বিতরণ বেড়েছে ২ হাজার ৩৪১ কোটি টাকা বা প্রায় ২৭ শতাংশ। এ সময় ৫৮টি ব্যাংক এককভাবে ১০ হাজার ৮৩৬ কোটি টাকা বিতরণ করেছে, যদিও ব্যাংকগুলোর জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৬০ হাজার কোটি টাকা। প্রথম প্রান্তিকে বিতরণকৃত এই অর্থ লক্ষ্যমাত্রার মাত্র ১৮ শতাংশ বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ করে।

ব্যাংকগুলোর মধ্যে কৃষিঋণ বিতরণে শীর্ষে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রতিষ্ঠানটি এই তিন মাসে প্রায় ২ হাজার ৪৪৮ কোটি টাকা বিতরণ করেছে। এর পরের অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক (৮৮৮ কোটি টাকা) এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (৭৬৮ কোটি টাকা)। তালিকায় থাকা অন্য সাতটি ব্যাংক হলো সিটি ব্যাংক (৫৩৩ কোটি টাকা), পূবালী ব্যাংক (৪৮২ কোটি টাকা), সোনালী ব্যাংক (৪৫৭ কোটি টাকা), ব্র্যাক ব্যাংক (৪২৬ কোটি টাকা), ইউসিবি (৪১৪ কোটি টাকা), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (৩৯৮ কোটি টাকা) এবং প্রাইম ব্যাংক (৩১৫ কোটি টাকা)।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিতরণকৃত ঋণের একটি বড় অংশই ব্যয় হয়েছে ফসল উৎপাদনে। এই খাতে মোট ঋণের প্রায় ৪৭ শতাংশ বা ৫ হাজার ৭০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ঋণ পেয়েছে প্রাণিসম্পদ ও পোলট্রি খাত, যেখানে বিতরণ হয়েছে ৩ হাজার ২৫৩ কোটি টাকা বা প্রায় ৩০ শতাংশ। মৎস্য খাতে ঋণ দেওয়া হয়েছে ১ হাজার ৩৮৮ কোটি টাকা, যা মোট বিতরণের ১৩ শতাংশ। এছাড়া অকৃষি পল্লি খাতে ১ হাজার ৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যার মধ্যে দারিদ্র্য বিমোচন কার্যক্রমে ৪১৯ কোটি এবং অন্যান্য গ্রামীণ আয়বর্ধক কর্মকাণ্ডে ৫৮৪ কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এ দুই খাত মিলিয়ে বিতরণ হয়েছে ৯১ কোটি টাকা।

কৃষি ও সেচ সরঞ্জাম খাতে ঋণ বিতরণের হার কিছুটা কম দেখা গেছে। সেচ সরঞ্জাম খাতে ৪৬ কোটি এবং কৃষি সরঞ্জাম খাতে ৪৫ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এছাড়াও শস্য সংরক্ষণ ও বিপণন খাতে বিতরণ করা হয়েছে ৩১ কোটি টাকা। অপরদিকে, ব্যাংকের বাইরে বিআরডিবির মাধ্যমে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ২৯৪ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ কম। গত বছর একই সময়ে বিআরডিবি ৩০১ কোটি টাকা বিতরণ করেছিল। সেই হিসাবে প্রতিষ্ঠানটির মাধ্যমে ঋণ বিতরণ আগের বছরের একই সময়ের চেয়ে ২ শতাংশ কমেছে।

শেয়ার করুন