পারমাণবিক ঝুঁকি হ্রাস এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপে বসার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের শেনজেনে বৃহস্পতিবার ১৯ নভেম্বর অনুষ্ঠিত এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় সম্মেলনের শেষে দেওয়া যৌথ ঘোষণায় বিশ্বনেতারা স্পষ্ট জানিয়েছেন যে, পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়।
চীন আয়োজিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বুধবার শুরু হওয়া এই আয়োজনে ২১টি সদস্য অর্থনীতির প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনের প্রধান আকর্ষণ ছিল শীর্ষ এই তিন নেতার বৈঠক। বৈঠকের পর ‘শান্তির পথে ঘোষণা’ শিরোনামে প্রকাশিত যৌথ বিবৃতিতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ছাড়াও জাতিসংঘের সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে আরও কার্যকর এবং শান্তি রক্ষায় তাদের মৌলিক দায়িত্ব পালনের নিশ্চয়তা দিতে স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনে তিন নেতার বৈঠকের পর প্রকাশিত ঘোষণায় জাতিসংঘের সংস্কার, জ্বালানি সহযোগিতা এবং আন্তর্জাতিক আইনের নীতিমালা নিয়েও অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনাও নিয়েছে দেশ তিনটি। তারা মনে করেন, সব দেশের কল্যাণে জ্বালানির স্থিতিশীল সরবরাহ অপরিহার্য। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং সমজাতীয় সংস্থাগুলোর বিষয়েও কঠোর অবস্থান নিয়েছেন নেতারা। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, আইসিসি বা এই জাতীয় সংস্থার ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। পাশাপাশি রাষ্ট্রের সম্মতির নীতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তি বজায় রাখার ওপরও জোর দিয়েছেন ট্রাম্প, পুতিন ও শি।
সূত্র: গালফ বাংলা








