ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী দেশটির বিভিন্ন রণাঙ্গনে হুথিদের লক্ষ্য করে ৮৫৪টি পৃথক অভিযান চালানোর দাবি করেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নাজিলি এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, পপুলার রেজিস্ট্যান্সের সহায়তায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এই বিপুল সংখ্যক হামলায় হুথিদের ১৯৩ জন কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
অভিযানগুলোর মধ্যে ৩১টি বিমান হামলা, ৬৮৭টি গোলাবর্ষণ, ৯১টি ড্রোন আক্রমণ এবং রকেট লঞ্চারের মাধ্যমে ৪৫টি হামলা অন্তর্ভুক্ত রয়েছে। এসব অভিযানে হুথিদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গোষ্ঠীটির ব্যবহৃত ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা অকেজো হয়ে গেছে। তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মুখপাত্র জানান, বর্তমানে আল-জাওফ, মারিব, তাইজ ও দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন রণাঙ্গনে হুথিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। এর পাশাপাশি, শুক্রবার পশ্চিম ইয়েমেনের হুদাইদা বন্দর এবং রাজধানী সানার বিভিন্ন সামরিক স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালিয়েছে বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানা ও বেশ কয়েকটি প্রদেশ দখল করে নিলে ইয়েমেনে দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনা হয়। এর ধারাবাহিকতায় ২০১৫ সালের মার্চ মাস থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে টিকিয়ে রাখতে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ শুরু করে, যা বর্তমানেও চলমান।
সূত্র: দৈনিক আমার দেশ








