ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু

প্রকাশ:

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জাহাঙ্গীর হোসেন (৫৭) ও শাহ আলম (৪১)। তাঁদের মধ্যে একজন কয়েদি এবং অন্যজন হাজতি হিসেবে কারাগারে ছিলেন। পৃথক এই মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া ও মো. সেলিম হোসেন।

কারা সূত্রে জানা যায়, কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী জাহাঙ্গীর হোসেন গতকাল শুক্রবার রাত একটার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে কারারক্ষী সাকিল আহমেদসহ সংশ্লিষ্টরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে জিআর ৯৬৫৫/২৬ নম্বর মামলায় পুরোনো আইনের ৮৯ ধারায় মামলা ছিল। তাঁর গ্রামের বাড়ি দারুস সালাম থানার বাগবাড়ী এলাকায় এবং তাঁর বাবার নাম সলিম মিয়া।

একই রাতে অসুস্থ হওয়া অপর বন্দী শাহ আলমকেও জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে আজ শনিবার সকাল ৭টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৃত খোকা মিয়ার ছেলে শাহ আলমের বিরুদ্ধে কোনো মামলা চলমান ছিল কি না, তা প্রাথমিকভাবে জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উভয়ের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন