গোপালগঞ্জের জনজীবনে ধীরে ধীরে স্বাভাবিকতা ফেরার চেষ্টা চলছে। শহরের বিভিন্ন স্থানে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে, যা পরিস্থিতির কিছুটা উন্নতির ইঙ্গিত দিচ্ছে। তবে জনমনে এখনো আতঙ্ক ও চাপা উদ্বেগ কাটেনি। প্রয়োজন ছাড়া মানুষ এখনো বাইরে বের হতে সাহস পাচ্ছেন না, যার ফলে স্বাভাবিক সময়ের তুলনায় রাস্তায় জনসমাগম অনেক কম।
শুক্রবার সকাল ৮টা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শহরজুড়ে এক ধরনের সুনসান নীরবতা দেখা গেছে। বিশেষ করে সদর উপজেলার লঞ্চঘাট, পুলিশ লাইন এবং এর আশপাশের এলাকাগুলোতে হাতেগোনা কিছু দোকান খোলা থাকলেও সেখানে ক্রেতাদের ভিড় নেই। যানবাহন ও মানুষের চলাচল অতি ধীরগতিতে বাড়ছে। তবে পুরো শহরজুড়েই একধরনের সুনসান নীরবতা বিরাজ করছে।
শহরের বিভিন্ন মোড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। পুলিশের উপস্থিতি নিয়মিত ডিউটির অংশ হিসেবে থাকলেও, শহরজুড়ে এক ধরনের অস্থিরতার রেশ রয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্যমতে, বর্তমানে গোপালগঞ্জ সদরের পরিস্থিতি স্বাভাবিক। তবুও স্থানীয়দের মতে, জনজীবনে পুরোপুরি স্বস্তি ফিরতে এখনো অনেকটা সময়ের প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, আমরা নিয়মিত ডিউটি পালন করছি। শহরের স্বাভাবিক পরিস্থিতি পুরোপুরি ফিরতে আরও সময় লাগবে বলে মনে করছেন স্থানীয়রা।
সূত্র: মানবজমিন








