গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার

প্রকাশ:

কয়েকদিন ধরে চলা চলমান অস্থিরতা ও সহিংসতার কারণে গোপালগঞ্জ এখন থমথমে। বৃহস্পতিবার সকাল থেকেই জেলাজুড়ে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে এবং রাস্তায় মানুষের চলাচল খুবই সীমিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরজুড়ে টহল জোরদার করেছেন। এর আগে বুধবার জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া টুঙ্গিপাড়া থানায় হামলা এবং বিএনপি নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত গোপালগঞ্জ সদরে বড় ধরনের কোনো মিছিল, মিটিং কিংবা অবরোধের ঘটনা ঘটেনি। যদিও আকাশ সকাল থেকেই মেঘলা এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তবুও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, সকাল ১০টার পর থেকে তাদের অবরোধ কর্মসূচি আরও বিস্তৃত হবে। তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী বাধা না দিলে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালিত হবে।

শহরের মোড়ে মোড়ে উচ্চৈঃস্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সব মিলিয়ে পুরো শহরে এক ধরনের উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও স্থানীয় নেতা-কর্মীরা মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন