আমন ধানের বাম্পার ফলনে মতলব উত্তরের কৃষকের মুখে হাসি

প্রকাশ:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চলতি খরিপ-২ মৌসুমে রোপা আমনের বাম্পার ফলন ঘরে তুলছেন কৃষকরা। গত কয়েক বছর অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় লোকসান গুনলেও এবার ঋণের বোঝা মাথায় নিয়ে চাষাবাদ করে দারুণ সফল হয়েছেন কৃষক মনির হোসেন। তিনি ৭২ শতক জমিতে চাষ করে প্রায় ৭৫ মণ ধান পাওয়ার আশা করছেন। সব খরচ বাদে তাঁর প্রায় ৪৫ হাজার টাকা মুনাফা থাকবে বলে জানিয়েছেন তিনি। মূলত প্রতি মণ ধানে প্রায় ৬০০ টাকা লাভ হওয়ায় স্থানীয় ৩২ হাজার ৫০০ কৃষকের সংসারে এখন সচ্ছলতার চিত্র ফুটে উঠেছে। তাঁর মতো উপজেলার ৩২ হাজারের বেশি কৃষক চলতি মৌসুমে আমনের আবাদ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। গতকাল বুধবার সকালে উপজেলার কয়েকটি এলাকা ঘুরে স্থানীয় একাধিক কৃষকের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। পাকা ও আধা পাকা আমনের সোনালি ফলন দোল খাচ্ছে বাতাসে। পাকা ধানের সোঁদা গন্ধে ভরে গেছে চারপাশ। দল বেঁধে খেত থেকে আমনের ফলন কাটছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে শুরু হওয়া এই মৌসুমে উপজেলায় ৯ হাজার ৭০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে, যা গত বছরের ৮ হাজার ৯০০ হেক্টরের তুলনায় বেশি। চলতি মৌসুমে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ২৩০ মেট্রিক টন। গোয়ালভাওর, ফতেপুর, জহিরাবাদ, ছেংগারচর, ঘনিয়ারপাড়, গজরাসহ বিভিন্ন এলাকার মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা; ধান কাটা, মাড়াই ও বাজারে বিক্রিতেই এখন তাঁদের প্রধান মনোযোগ। আমন বিক্রির টাকায় তাঁদের সংসারে আসছে সচ্ছলতা। গতকাল সকালে উপজেলার গোয়ালভাওর, ফতেপুর, জহিরাবাদ, ছেংগারচর, ঘনিয়ারপাড়, বৈদ্যনাথপুর, পূর্ব নাউরী, সিপাইকান্দি, লুধুয়া, গজরা, ঠেটালিয়া ও মোহনপুর এলাকায় দেখা যায়, সেখানে জমির পর জমি আমনখেত।

ফতেপুরের কৃষক মিজানুর রহমান জানান, আগের বছরগুলোর লোকসান কাটিয়ে এবার বাম্পার ফলনে তাঁদের আর্থিক পরিস্থিতির উন্নতি হয়েছে। ধান ও চালের বাজারদর ভালো থাকায় কৃষকরা দ্বিগুণ উপকৃত হচ্ছেন। ঘনিয়ারপাড়ের মোহাম্মদ জাকির হোসেন, ছেংগারচরের মো. রাকিব হোসেন ও গজরার দেলোয়ার হোসেনসহ অন্তত ২০ জন কৃষক জানিয়েছেন, ধানের ভালো ফলন ও দাম তাঁদের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, আবহাওয়া অনুকূলে থাকা এবং ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব কম থাকায় এবার আমনের ফলন প্রত্যাশা ছাপিয়ে গেছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে, যার ফলে কৃষকরা এখন আমন চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। মাঠ পর্যায়ের এমন চিত্র পুরো এলাকায় আমন উৎসবের আমেজ তৈরি করেছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

শেয়ার করুন