সুইজারল্যান্ডে নিজের প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে যোগ দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বার্নের ফেডারেল প্যালেসে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিন। এরপর দুই নেতার মধ্যে এক উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। ফেডারেল অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে আমির বলেন, কাতার ও সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা সময়ের সাথে সাথে বাণিজ্য, বিনিয়োগ ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে শক্তিশালী হয়েছে।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও উদ্ভাবনী খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমির উল্লেখ করেন, ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’ অর্জনে সুইজারল্যান্ডের সাথে অংশীদারিত্ব অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং স্বাস্থ্যসেবা খাতে দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগ সম্পর্ক আরও বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন তিনি। সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়ে বলেন, এটি দুই দেশের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এ ছাড়া শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে সহযোগিতার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’ মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক বৈচিত্র্য এবং স্থায়িত্বের যে কাঠামো প্রদান। উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সুইজারল্যান্ডের মতো অংশীদারদের সাথে মিলে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রসঙ্গে আমির জোর দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করতে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইনের যথাযথ প্রয়োগ এবং সংলাপ অপরিহার্য। বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাতার তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। সুইস প্রেসিডেন্ট এ সময় মধ্যস্থতায় কাতারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
সুইস প্রেসিডেন্ট পারমেলিন ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (EFTA) এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তির গুরুত্ব তুলে ধরে আর্থিক ও বৈজ্ঞানিক খাতে সম্পর্ক জোরদারের আহ্বান জানান। এছাড়া সুইজারল্যান্ডের সভাপতিত্বকালে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় কাতারের অংশগ্রহণকেও স্বাগত জানান তিনি।
বৈঠকে কাতারের পক্ষে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল-থানি, আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফি, অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারি, জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি আল-থানি উপস্থিত ছিলেন। সুইজারল্যান্ডের প্রতিনিধি দলে আরও ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস, অর্থমন্ত্রী কারিন কেলার-সাটার এবং পরিবেশ, পরিবহন ও জ্বালানিমন্ত্রী আলবার্ট রোস্তি।
সূত্র: গালফ বাংলা








