জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রূপপুরের প্রথম ইউনিট

প্রকাশ:

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরুর সাড়ে আট ঘণ্টা পর তা বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রথম দফার এই পরীক্ষায় ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে পৌঁছেছিল। বর্তমানে পরবর্তী কারিগরি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপিত হয় মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে, যখন প্রথমবারের মতো কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। সংযোগের মাত্র ২৯ মিনিটের ব্যবধানে উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছে যায়। পরবর্তীতে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে উৎপাদন ৩০০ মেগাওয়াটে স্থির করা হয় এবং পর্যায়ক্রমে তা সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়েছিল।

পরীক্ষামূলক এ কার্যক্রম উদ্বোধনের সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, গ্রিডে সংযোগ দেওয়ার আগে জেনারেটর ও গ্রিডের ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সির মতো বৈদ্যুতিক বৈশিষ্ট্যের সামঞ্জস্য নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানান, প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সমন্বিত কার্যকারিতা যাচাই করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, প্রায় ২৮ ঘণ্টার বিরতির পর দ্বিতীয় দফায় পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরবর্তী পরীক্ষাগুলোতে বিদ্যুৎ উৎপাদনের মাত্রা পরিস্থিতির প্রয়োজনে কম-বেশি করা হতে পারে। এ সময় উৎপাদনের ওঠানামার সঙ্গে গ্রিডের ভারসাম্য রক্ষায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন সাপেক্ষে পরবর্তী পর্যায়ের পরীক্ষামূলক পরিচালনা শুরু হবে।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে উৎপাদন ধাপে ধাপে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে এই লক্ষ্যমাত্রা অর্জন নির্ভর করছে কারিগরি পরীক্ষার ফলাফল এবং নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদনের ওপর।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং সরকারি প্রতিষ্ঠান এনপিসিবিএল কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট পাবনার ঈশ্বরদীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

শেয়ার করুন