নিরাপত্তা সহযোগিতা বাড়াতে পাকিস্তান-কাতার সমঝোতা স্মারক

প্রকাশ:

দ্বিপাক্ষিক নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশল আরও শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সফর করেছেন কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লাখউইয়া’-র কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল-থানি। এই সফরে তিনি পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠকে অংশ নিয়েছেন, যেখানে আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা প্রাধান্য পেয়েছে।

সফরকালে কাতারি স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সাথে পৃথকভাবে আলোচনা করেন। আইএসপিআর-এর এক বিবৃতিতে জানানো হয়, উভয় পক্ষ প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় যৌথ প্রচেষ্টার বিষয়ে পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। মহসিন নাকভির সাথে বৈঠকে কারিগরি ও অপারেশনাল অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

নিরাপত্তা খাতে দুই দেশের এই নতুন অধ্যায় উন্মোচনে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কাতারের লাখউইয়া বাহিনী এবং পাকিস্তানের ফেডারেল কনস্ট্যাবুলারির মধ্যকার এই চুক্তিতে নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন শেখ খলিফা ও মহসিন নাকভি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই চুক্তিটি দুই দেশের নিরাপত্তা কাঠামোর মধ্যে সমন্বয় ও কার্যকর সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কাতারি স্বরাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির প্রতি শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের প্রতি কাতারি নেতৃত্বের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, পাকিস্তানের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাতার থেকে নিরবচ্ছিন্ন এলএনজি সরবরাহের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন