বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার

প্রকাশ:

বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে কাতার। দোহা মনে করে, এই ধরনের আক্রমণ বাহরাইনের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। কাতার সরকারের মতে, এটি কেবল একটি হামলা নয়, বরং আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থী কর্মকাণ্ড।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দৃঢ়তার সাথে জানিয়েছে, যে কোনো ধরনের বেসামরিক অবকাঠামো, অর্থনৈতিক কেন্দ্র বা সাধারণ মানুষের ওপর আঘাতকে দেশটি দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করে। মন্ত্রণালয় আরও সতর্ক করে জানায়, এ ধরণের উস্কানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক উত্তেজনাকে মারাত্মক পর্যায়ে উন্নীত করবে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দেবে। এ ধরনের আচরণ আঞ্চলিক নিরাপত্তা পুনরুদ্ধারে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক উদ্যোগগুলোকেও বাধাগ্রস্ত করবে।

ঘটনার পরিপ্রেক্ষিতে বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে কাতার। দোহা স্পষ্টভাবে জানিয়েছে, বাহরাইন তার নিজস্ব নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষায় যে কোনো বৈধ পদক্ষেপ গ্রহণ করলে কাতার তার প্রতি অবিচল সমর্থন অব্যাহত রাখবে।

শেয়ার করুন