রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তব্দুল হোসেন (৬২) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত বন্দী হিসেবে কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার সকালে তাঁকে মৃত ঘোষণা করেন।
কারা সূত্র জানায়, তব্দুল হোসেন দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় দায়ের করা একটি হত্যা মামলার (জিআর-৩০/১১, বি.পাড়া-১৪(০২)১১) আসামি ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণপাড়া থানার ছোট ধনিয়া গ্রামের বাসিন্দা মৃত আ. মালেকের ছেলে তিনি। শারীরিক অসুস্থতার কারণে গত ২৫ অক্টোবর কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, মৃতদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: দৈনিক আমার দেশ








