মেহেরপুরে বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক আটক, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

প্রকাশ:

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষক আটকের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ইছাখালী গ্রামের মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে আব্দুল মান্নান বাড়ির পাশে মরিচের জমিতে কীটনাশক প্রয়োগ করতে যান। এ সময় ১২৪/৪-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যান। বিজিবি সূত্রে জানা গেছে, মান্নান সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে কৃষিকাজ করছিলেন।

মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদে তারা ১২৩/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন। পরে গ্রামবাসী তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে নিয়ে এসে বিজিবির কাছে হস্তান্তর করেন। এ ঘটনার জেরে সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন, ভারতীয় কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফ একজনকে নিয়ে গেছে এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দ্রুত পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন