ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় ধরনের ধাক্কা খেল পাকিস্তান। কেন্টের বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে শুক্রবার ডান হাতে আঘাত পেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করার পরই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে যে, এই প্রস্তুতি ম্যাচে বাবরকে আর দেখা যাবে না। তবে আগামী সোমবার হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে দলের অনুশীলনে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
আগামী বুধবার হেডিংলিতেই শুরু হবে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজে ১-১ ব্যবধানে ড্র করা পাকিস্তান দলের অন্যতম ভরসা বাবর। সেই সিরিজে দুই টেস্টেই ফিফটি করেছিলেন তিনি। ১৯৯৬ সালের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের অপেক্ষায় থাকা পাকিস্তানের জন্য বাবরের ফিট থাকাটা অত্যন্ত জরুরি।
এদিকে প্রস্তুতি ম্যাচে পিসিসি একাদশের ৩০৫ রানের জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৩৮ রানে। ইংল্যান্ডের অফ স্পিনার শোয়েব বশির ৭৬ রানের বিনিময়ে ৪টি এবং ১৭ বছর বয়সী ম্যানি লামসডেন ২৪ রানে ২ উইকেট শিকার করেছেন। দ্বিতীয় দিন শেষে পিসিসি একাদশ তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে, যার ফলে তাদের মোট লিড দাঁড়িয়েছে ১৯৫ রানে।
ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছে ১৯৯৬ সালে।
ইংল্যান্ডের অফ স্পিনার শোয়েব বশির ৭৬ রানে ৪ উইকেট নেন।
সূত্র: প্রথম আলো






