গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য ইসরায়েলি মন্ত্রীর, ফিলিস্তিনিদের স্থানান্তর ও কঠোর অবস্থানের পক্ষে মত

প্রকাশ:

ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের নিয়ে অত্যন্ত বিতর্কিত ও কঠোর মন্তব্য করেছেন। হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া এক সাবেক জিম্মির সম্মানে আয়োজিত অনুষ্ঠানে তিনি দাবি করেন, গাজার কিছু মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং তাদের মানুষ হিসেবে গণ্য করা উচিত নয়। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

বেন-গভির স্পষ্টভাবে জানিয়েছেন যে, গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে লক্ষ্য করে গুপ্তহত্যা চালানো উচিত। তিনি দাবি করেন, এটি কোনো গোপন বিষয় নয় এবং এ নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার মতপার্থক্য রয়েছে। তার মতে, কেবল ইসরায়েলের জন্য হুমকি নয়, বরং গাজার এমন অনেক মানুষ আছেন যাদের বেঁচে থাকার যোগ্যতা নেই।

পুরো গাজা উপত্যকা ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়ার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তিনি পুরো অঞ্চলটিকে ইসরায়েলের অংশ হিসেবে দেখতে চান। এ সময় তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের ব্যাপকভাবে স্থানান্তরের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার ভাষায়, গাজার বাসিন্দাদের যতটা সম্ভব অন্য জায়গায় সরিয়ে নিতে হবে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে।

সন্ত্রাসীদের দমনে কঠোর বার্তা দিয়ে বেন-গভির বলেন, যারা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, তাদের কোথাও যেতে না দিয়ে একে একে নির্মূল করতে হবে। তার এই উগ্র অবস্থান ইসরায়েলের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও গাজা যুদ্ধের কৌশল নিয়ে অভ্যন্তরীণ মতপার্থক্যকে আরও স্পষ্ট করে তুলেছে।

শেয়ার করুন