ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র: পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ফেডারেল আদালতে ৪৮ বছর বয়সী পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ৩৩০ মাসের বা সাড়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন মার্কিন জেলা জজ। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ দেশটির বিশিষ্ট রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক সীমানা পেরিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভাড়ায় খুনের চেষ্টার দায়ে তাকে এই সাজা দেওয়া হয়। মার্কিন বিচার বিভাগের (ডিওজে) তথ্য অনুযায়ী, এই কঠোর সাজা কার্যকর করার বিষয়টি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। বিচার বিভাগ জানায়, মার্কিন মাটিতে রাজনৈতিক হত্যাকাণ্ডের ব্যবস্থা করতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য মার্চ মাসে এক ফেডারেল জুরি মার্চেন্টকে দোষী সাব্যস্ত করে।

তদন্তকারী প্রসিকিউটরদের দাবি, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতেই এই ভয়াবহ ছক কষা হয়েছিল। ষড়যন্ত্রটি ২০২৪ সালে বাস্তবায়নের পর্যায়ে ছিল এবং এর লক্ষ্যবস্তু হিসেবে ডনাল্ড ট্রাম্প ছাড়াও তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান রাজনীতিক নিকি হ্যালির নাম উঠে আসে। নিকি হ্যালি ওই সময় প্রেসিডেন্ট মনোনয়ন দৌড়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন। অভিযোগ রয়েছে যে, এই রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের জন্য মার্চেন্ট যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে লোক নিয়োগের প্রচেষ্টা চালিয়েছিলেন।

বিচারিক প্রক্রিয়ায় মার্চেন্ট স্বীকার করেছেন যে, তিনি ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপসের সঙ্গে এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। তবে তার দাবি, তেহরানে থাকা নিজের পরিবারকে রক্ষা করার চাপে পড়ে তিনি অনিচ্ছাসত্ত্বেও এই কাজে জড়িয়েছিলেন। মার্চেন্টের দাবি, তাকে কখনোই সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করে হত্যার নির্দেশ দেওয়া হয়নি। যদিও আদালতের নথিতে উঠে এসেছে যে, ইরানের রাজধানীতে থাকাকালীন তার ইরানি হ্যান্ডলাররা তিনজনের নাম উল্লেখ করে হামলার পরিকল্পনার বিষয়ে কথা বলেছিলেন। কোনো অঘটন ঘটার আগেই আইনপ্রয়োগকারী সংস্থা এই ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ঘটনার সূত্রপাত হয় ২০২৪ সালের এপ্রিলে, যখন মার্চেন্ট ষড়যন্ত্রে সহযোগিতার জন্য একজনের সঙ্গে যোগাযোগ করেন। তবে ওই ব্যক্তি মার্চেন্টের কর্মকাণ্ডের কথা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দিয়ে গোপন তথ্যদাতা হিসেবে কাজ করেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। বিচারে মার্চেন্ট নিজেকে নির্দোষ দাবি করলেও জুরিবোর্ড তাকে দোষী সাব্যস্ত করে। এদিকে, তেহরান শুরু থেকেই ডনাল্ড ট্রাম্প বা অন্য কোনো মার্কিন কর্মকর্তার ওপর কোনো ধরনের হামলার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করে আসছে।

শেয়ার করুন