ওমানের রাজধানী মাস্কাটে এক প্রবাসীর কাছ থেকে ১৮ হাজার ওমানি রিয়াল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ভুক্তভোগী এবং গ্রেপ্তার হওয়া তিন ছিনতাইকারী সবাই এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক কাছে থাকা ১৮ হাজার রিয়াল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই চক্রটি।
ছিনতাইয়ের ঘটনাপ্রবাহ
- ঘটনার দিন রাস্তায় ওই প্রবাসীর গতিরোধ করে তিন ছিনতাইকারী।
- নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে তারা ভুক্তভোগীর কাছে পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায়।
- একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ১৮ হাজার রিয়াল ছিনিয়ে নিয়ে ওই চক্রটি পালিয়ে যায়।
আইনি পদক্ষেপ ও সতর্কতা
তদন্তের ধারাবাহিকতায় মাস্কাট পুলিশ দ্রুত দুজনকে গ্রেপ্তার করে।
তৃতীয় ব্যক্তি ঘটনার পরপরই অন্য দেশে পালিয়ে গেলেও আন্তর্জাতিক সহযোগিতায় তাকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিলেই কাউকে অন্ধভাবে বিশ্বাস না করার পরামর্শ দিয়ে পুলিশ বলেছে, পরিচয়পত্র যাচাই না করে বা আসল পরিচয় নিশ্চিত না হয়ে কোনো অবস্থাতেই নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র হস্তান্তর করা উচিত নয়।
সূত্র: গালফ বাংলা








