দীর্ঘ প্রায় ৫৫ বছর ধরে চলে আসা এই ধারায় এবার পরিবর্তন আনছে সরকার। অর্থবছরের সময়কাল পরিবর্তন করা হচ্ছে। বর্তমানে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর হিসাব করা হলেও ভবিষ্যতে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর নির্ধারণ করা হবে। এ পরিবর্তনের আগে ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তী বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে শেষ করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে নয় মাসের। অর্থাৎ ২০২৭ সালের জুলাই থেকে ২০২৮ সালের মার্চ পর্যন্ত ওই অর্থবছর চলবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়সূচি অনুযায়ী এপ্রিল থেকে মার্চ পর্যন্ত অর্থবছর কার্যকর হবে।
সোমবার রাতে এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন হিসাব করা হয়। এর ফলে জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। এ জন্য ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ যুক্তিযুক্ত। এ ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান, জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে অর্থবছর (জুলাই-মার্চ) শেষ করা এবং এরপর ২০২৮-২৯ অর্থবছর হতে নতুন অর্থবছর (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারের সব কার্যক্রম শুরু করা হবে। বাংলাদেশে দৈনন্দিন জীবনে বঙ্গাব্দ ও খ্রিষ্টাব্দ দুটোই ব্যবহার করা হয়। ১ বৈশাখ থেকে চৈত্র মাসের হিসাব যেমন অনেক ব্যবসায়ীরা ব্যবহার করেন আবার অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর বছরের হিসাব করা হয়। কিন্তু রাষ্ট্রের আর্থিক হিসাব-নিকাশ চলে অন্য একটি ক্যালেন্ডারে- যার নাম অর্থবছর।
অর্থবছর হলো ১২ মাসের একটি নির্দিষ্ট সময়, যার মধ্যে সরকার আয়-ব্যয়ের হিসাব করে, বাজেট প্রণয়ন করে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে। দেশের জিডিপি, রাজস্ব আদায়, মুদ্রাস্ফীতি, ঋণ- সবকিছুর হিসাব এই অর্থবছর ধরেই হয়। মূলত ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে জুলাই-জুন অর্থবছর চালু হয়। পাকিস্তান আমলেও তা বহাল থাকে। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১৯৭২ সালে একবার, ১৬ ডিসেম্বর ১৯৭১ থেকে ৩০ জুন ১৯৭২ পর্যন্ত শর্ট ইয়ার বাজেট দিয়েছিলেন। এরপর থেকেই আজ পর্যন্ত ১ জুলাই থেকে ৩০ জুন সময়টিই অর্থবছর হিসেবে ধরে রেখেছে বাংলাদেশ।
অর্থনীতিবিদ ও গবেষকরা বলছেন, জুন মাসে অর্থবছর শেষ করে নতুন বাজেট ঘোষণা- বাংলাদেশে এই চক্রটি দীর্ঘদিন ধরেই চলে আসছে। এছাড়া বিশ্বব্যাংকের অর্থবছর জুলাই থেকে শুরু। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের বড়ো ঋণ ও অনুদান আসে বিশ্বব্যাংক, আইএমএফ থেকে। তাদের সঙ্গে হিসাব মেলাতে অর্থবছরের সময়কাল পরিবর্তনের ক্ষেত্রে সুবিধা-অসুবিধা দুটিই রয়েছে। এছাড়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা।
তারা বলছেন, অর্থবছর মার্চ-এপ্রিলে আনার ফলে বর্ষাকাল অর্থবছরের শেষে না থেকে মাঝামাঝি চলে যাবে। ফলে মার্চের মধ্যে বড় কাজ শেষ করে বর্ষার জন্য প্রস্তুতি নেওয়া সহজ হতে পারে। জুনের শেষ সপ্তাহে তাড়াহুড়ো করে রাস্তা খোঁড়াখুঁড়ি এবং বিল সমন্বয়ের প্রবণতাও কমবে বলে মত অনেকের। এছাড়া বাংলাদেশ যদি বৈশাখ-চৈত্রকে অর্থবছর ধরা হয়, তাহলে ইংরেজি হিসাব দাঁড়াবে ১৪ এপ্রিল থেকে ১৩ মার্চ। এর ফলে ধান-চাল সংগ্রহ, সার-বীজের ভর্তুকির বাজেট এক অর্থবছরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বা বিআইবিএম-এর অধ্যাপক মো. আহসান হাবিব বলছেন, এই সিদ্ধান্তের ফলে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে, শুধু তারিখ বদলালেই সব সমস্যার সমাধান হবে, এটিও ঠিক নয় বলেই মনে করেন এই বিশেষজ্ঞ। তিনি বলছেন, উন্নয়ন খাতে বাজেট বরাদ্দ, অর্থের ব্যবহার এবং দুর্নীতির মতো বিষয়গুলো ঠিক না হলে উন্নয়ন প্রকল্প একই গতিতে চলবে। আবহাওয়ার অজুহাতে আগে মানুষ বাহানা করত যে বৃষ্টির কারণে প্রজেক্ট শেষ হয় নাই। এখন দেখা যাক নতুন কী বাহানা আসে, বিবিসি বাংলাকে বলেন তিনি।
বাংলাদেশে বাজেট বাস্তবায়নের ধরন যে কাঠামোতে দাঁড়িয়ে আছে, সেখানে অর্থবছরের সময়সূচি পরিবর্তন তেমন পরিবর্তন আনবে না বলেই মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বর্ষাকালে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ, এই বিবেচনায় অর্থবছর পরিবর্তন যৌক্তিক নয় বলেই মনে করেন তিনি। এপ্রিল-মার্চে অর্থবছর নিয়ে গেলেও তো বর্ষাকাল চলে যাবে না। এখন শুরুর দিকে যে চ্যালেঞ্জ, সেটা মাঝপথে থেকেই যাবে, বিবিসি বাংলাকে বলেন তিনি।
মোয়াজ্জেম বলেন, দেশের মোট বাজেটে উন্নয়ন অবকাঠামো বা ভূমি সংক্রান্ত অবকাঠামোর বাস্তবায়ন খুবই কম। বাজেটের বড়ো অংশই রেভিনিউ বাজেট, যার সঙ্গে বর্ষার সম্পর্ক নেই। এছাড়া, বাংলাদেশে যে বাজেট ঘোষণা করা হয় তার এক-তৃতীয়াংশেরও কম এডিপি। বাকি দুই-তৃতীয়াংশ রাজস্ব ব্যয়। সেখানে সময় পরিবর্তনের প্রভাব কম বলেই মনে করেন এই অর্থনীতিবিদ। স্বাস্থ্য, শিক্ষার মতো মন্ত্রণালয় ঐতিহাসিকভাবেই বাজেট খরচে দুর্বল। এখানে যে বরাদ্দ বাড়ছে, দুর্নীতি হচ্ছে- এগুলোর সাথে তো বর্ষার সম্পর্কই নাই, বিবিসি বাংলাকে তিনি বলেন।
এছাড়া অর্থবছরের সময়কাল পরিবর্তনের ক্ষেত্রে প্রকল্পের যে উদাহরণ দেওয়া হচ্ছে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন মি. মোয়াজ্জেম। তিনি বলেন, যে প্রকল্পের অজুহাত দিচ্ছি আমরা, সেই প্রকল্পের কোনোটাই তো তার নির্দিষ্ট সময়ে শেষ হয়না। উন্নয়ন প্রকল্পের অধিকাংশই দুইবার-তিনবার পর্যন্ত রিভিসন হচ্ছে। এর ফলে অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে, অর্থ ব্যবস্থাপনা কীভাবে হবে, মন্ত্রণালয় ও বিভাগগুলো প্রস্তুত কিনা, বিভিন্ন প্রকল্পের মেয়াদ পুনর্মূল্যায়ন, প্রস্তুতির বিষয়গুলো দেখতে হবে, বিবিসি বাংলাকে বলেন তিনি।
সরকার মনে করছে, এপ্রিল-মার্চ অর্থবছর হলে বর্ষার আগেই প্রকল্পের বড় অংশ সম্পন্ন করা সম্ভব হবে। তবে অর্থনীতিবিদদের পরামর্শ, সময় পরিবর্তনের সাথে সাথে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং দুর্নীতি রোধে কঠোর নজরদারি প্রয়োজন। অন্যথায়, ক্যালেন্ডারের পাতা বদলালেও উন্নয়ন প্রকল্পের দীর্ঘসূত্রতা এবং অব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া কঠিন হবে।
পরিশেষে, ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল বছর হিসেবে ব্যবহার করে সরকার যে পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে, তা দেশের সামগ্রিক অর্থনৈতিক ক্যালেন্ডারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। তবে এই রূপান্তরের সফল বাস্তবায়ন নির্ভর করবে সরকারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা এবং সঠিক পরিকল্পনার ওপর।
সূত্র: যুগান্তর








