কাতারের স্বল্প আয়ের পরিবারগুলোর দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে ‘শেয়ার দ্য রিওয়ার্ড’ নামে একটি ডিজিটাল অনুদান উদ্যোগ চালু করেছে রফিক অ্যাপ ও কাতার চ্যারিটি। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে দাতা বা সাধারণ ব্যবহারকারীরা রফিক অ্যাপ ব্যবহার করে সহজেই অসহায় পরিবারগুলোর জন্য খাদ্যদ্রব্য, স্কুল সরঞ্জাম, পোশাক এবং চিকিৎসাসেবার মতো জরুরি খাতে আর্থিক অনুদান প্রদান করতে পারবেন।
এই কার্যক্রমের অংশ হিসেবে কাতার চ্যারিটির অধীনস্থ আকরাবুন সেন্টার প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করবে এবং তাদের চাহিদার অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরি করবে। আকরাবুন সেন্টারের নির্বাহী পরিচালক ফয়সাল রশিদ আল-ফুহাইদা জানান, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের সঠিক সমন্বয়ের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে মানুষের মধ্যে পারস্পরিক সংহতি ও সামাজিক দায়বদ্ধতার চর্চা আরও শক্তিশালী হবে।
প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে রফিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ থামের আল-হুমাইদি বলেন, প্রযুক্তি শুধুমাত্র সেবা প্রদানের মাধ্যম হওয়া উচিত নয়, বরং এর মাধ্যমে সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। রফিকের এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা খুব সহজে এবং সসম্মানে স্বল্প আয়ের পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসতে পারবেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, কাতার চ্যারিটি এবং রফিকের এই যৌথ প্রয়াস দেশের বেসরকারি খাত ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মধ্যকার অংশীদারিত্বের একটি অনন্য ও সফল মডেল হিসেবে গড়ে উঠবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে অনুদান কার্যক্রম পরিচালনার ফলে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি অসহায় পরিবারগুলোর কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
সূত্র: গালফ বাংলা








