কাতারের বাংলাদেশ স্কুলে বিজ্ঞান ও চারুকলার বর্ণিল প্রদর্শনী

প্রকাশ:

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে বৃহস্পতিবার এক বর্ণিল উৎসবের মাধ্যমে সম্পন্ন হয়েছে ‘বিজ্ঞান মেলা ও চারু-কারুকলা প্রদর্শনী ২০২৬’। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আয়োজিত এই মেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, শিল্পবোধ এবং উদ্ভাবনী চিন্তাশক্তির দারুণ সমন্বয় লক্ষ্য করা গেছে। পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের বাইরে গিয়ে বাস্তব জীবনের সাথে শিক্ষার সেতুবন্ধন তৈরিতে এমন আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে।

প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিশাল সমারোহ ছিল চোখে পড়ার মতো। প্রভাতী শাখার কেজি-১ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় ৩০৮টি চারু ও কারুকলার চিত্রকর্ম উপস্থাপন করে। একই সাথে পঞ্চম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখে ১৯৫টি ভিন্নধর্মী বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে। অন্যদিকে, দিবা শাখার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১৫০টি এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ৭৫টি সৃজনশীল চিত্রকর্ম প্রদর্শনীর আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মোঃ ওয়ালিউর রহমান। তিনি শিক্ষার্থীদের বৈজ্ঞানিক কৌতূহল ও সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সমালোচনামূলক চিন্তা এবং ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। তিনি আরও উল্লেখ করেন যে, শ্রেণিকক্ষের অর্জিত জ্ঞানকে বাস্তব কর্মকাণ্ড ও গবেষণার মাধ্যমে প্রয়োগ করা শিক্ষাজীবনকে আরও অর্থবহ করে তোলে।

বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন আহমদ শিক্ষার্থী ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতার প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের এই উদ্ভাবনী প্রয়াস তাদের ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার রসদ যোগাবে। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের কল্পনাপ্রসূত চিন্তাকে বৃহত্তর দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ করে দেওয়া এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা।

এই আয়োজনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুদানি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ ইউসুফ আলতাহির, প্যালেস্টাইন স্কুলের অধ্যক্ষ ড. আব্দেল মুসলেহ, ব্রাইট ফিউচার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ আলী জুলকারনাইন এবং শ্রীলংকান স্কুলের সিনিয়র শিক্ষক মিস্টার জিওয়ানথা ও মিস্টার চামারা। এছাড়া বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল মোঃ ইশতিয়াক আহমদ, স্কুলের দাতা সদস্য মোঃ আব্দুল মতিন পাটোয়ারী, গভর্নিং বডির সদস্য মোঃ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার মোঃ মনিরুল হক এবং অভিভাবক-শিক্ষক সংগঠনের সভাপতি মোঃ ফিরুজ আহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ বহু দর্শনার্থী এই মিলনমেলায় অংশ নেন।

শেয়ার করুন