প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (১৬ আগস্ট) সড়ক পথে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম কিশোরগঞ্জ সফর। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী এই সফরে তিনি জেলা সদরসহ তিনটি উপজেলা পরিদর্শন করবেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
শপথ নেওয়ার পর প্রথমবার কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শেষ মুহুর্তে চলছে জোর প্রস্তুতি। এ সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন দলীয় সংসদ সদস্যরা।
সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে এগারোটায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি।
দুপুর ১টার দিকে কটিয়াদীর আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন অনুদান প্রদান করবেন।
বিকেল ৪টার পরবর্তী কর্মসূচিতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এর আগে বেলা আড়াইটায় কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থিত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ও তার বক্তব্য শুনতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দলীয় নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষ। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
সূত্র: যুগান্তর








