কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণের মৃত্যু

প্রকাশ:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামের এক বাংলাদেশি তরুণ প্রাণ হারিয়েছেন। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়ার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে ৪-৫ জন বাংলাদেশি চোরাকারবারি আলীনগর সীমান্ত দিয়ে ভারতের মাগুরুলী এলাকায় প্রবেশ করেন। সীমান্ত পিলার ১৮৪৫/৬৩এস থেকে প্রায় ৫০০ গজ ভারতের ভেতরে বিএসএফ তাদের বাধা দেয়। বিজিবির ভাষ্যমতে, চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে তারা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন এবং বাকিরা পালিয়ে যান।

ঘটনার বিষয়ে ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত তরুণ চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন, যা তার পরিবারের সদস্যরাও স্বীকার করেছেন। বর্তমানে তারা মিয়ার মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিএসএফ তা স্বজনদের কাছে হস্তান্তর করবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন