চ্যাটজিপিটিকে মানুষ ভেবে কথোপকথন: প্রবীণ নারীর ভিডিও ভাইরাল

প্রকাশ:

বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে তরুণ প্রজন্ম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সঙ্গে দ্রুত মানিয়ে নিলেও প্রবীণদের কাছে এটি এখনো এক বিস্ময়কর অভিজ্ঞতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই এক হৃদয়স্পর্শী ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে একজন ভারতীয় প্রবীণ নারীকে এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র সঙ্গে সত্যিকারের মানুষের মতো কথোপকথন চালিয়ে যেতে দেখা যায়। ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ইতিমধ্যে ২০ লাখের বেশিবার দেখা হয়েছে।

ঘটনার নেপথ্যে ছিলেন অভিরুচি নামের এক তরুণী। তিনি তাঁর নানিকে বিশ্বাস করান যে, তাঁদের স্বজন আসুর বিয়ের জন্য একজন বিদেশি মেয়েকে পছন্দ করা হয়েছে, যিনি হিন্দিতে কথা বলতে দক্ষ। এরপর অভিরুচি চ্যাটজিপিটির ভয়েস মোড চালু করে দেন। চ্যাটবটটি কথা বলা শুরু করলে নানি সেটিকে রক্ত-মাংসের মানুষ ভেবে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি হিন্দিতে পরম মমতায় জিজ্ঞাসা করেন, ‘আপনি কেমন আছেন? ভালো আছেন তো?’ চ্যাটজিপিটিও স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেয়, ‘হ্যাঁ, একদম।’

কথোপকথনের এক পর্যায়ে চ্যাটজিপিটির নারী কণ্ঠ ওই নারীকে ‘নানি’ বলে সম্বোধন করে। তখন তিনি চ্যাটবটটির ভুল সংশোধন করে দিয়ে বলেন, ‘আমি আসুর দাদি, এর (অভিরুচি) নানি।’ এরপর তিনি অত্যন্ত স্নেহের সুরে আশীর্বাদ করেন যেন ওই বিদেশি মেয়ে এবং আসু দুজনেই সুখে থাকে। নানির এই সরলতা ও নিষ্পাপ আচরণ দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। অনেকে মন্তব্য করেছেন, প্রবীণ এই নারীর সরলতা সত্যিই অনন্য এবং তাঁর জন্য শুভকামনা জানিয়েছেন।

ভিডিওটির ক্যাপশনে অভিরুচি লিখেছেন, তাঁর নানি চ্যাটজিপিটিকে মানুষ ভেবেই কথা বলছিলেন এবং তিনি সেই ভুল ভাঙানোর প্রয়োজন বোধ করেননি। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের কাছে এটি সাধারণ প্রযুক্তি হলেও, প্রবীণদের কাছে এখনো এটি ম্যাজিকের মতো। প্রযুক্তির এই যুগে প্রবীণদের এমন সরল ও মানবিক দৃষ্টিভঙ্গি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

শেয়ার করুন