জলঢাকায় ট্রাক ও চার্জার ভ্যানের সংঘর্ষে চালক নিহত

প্রকাশ:

নীলফামারীর জলঢাকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিশাল (২০) নামে এক চার্জার ভ্যানচালক প্রাণ হারিয়েছেন। বুধবার দুপুর দুইটার দিকে রংপুর-ডালিয়া সড়কের বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিশাল উপজেলার ভাবনচুর গ্রামের মৃত মাজেদুল ইসলামের ছেলে। জানা যায়, আট বছর আগে তার বাবাও সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আট বছর আগে বিশালের বাবাও রোড এক্সিডেন্টে মারা গেছেন।

জলঢাকা থানা সূত্রে জানা যায়, বটতলী এলাকায় জলঢাকা থেকে গোলমুন্ডাগামী চার্জার ভ্যানটির সাথে ডালিয়া থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১২-৯১৮২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক বিশালের মৃত্যু হয়। দুর্ঘটনায় ভ্যানে থাকা যাত্রী শাহিনুর রহমান (৩৫) গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বর্তমানে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন