যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড: এফ-২এ ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর

প্রকাশ:

যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক অভিবাসন বা ফ্যামিলি-বেইজড গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য আগস্ট ২০২৬-এর ভিসা বুলেটিন স্বস্তির বার্তা নিয়ে এসেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই ক্যাটাগরির আওতায় মূলত যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী এবং ২১ বছরের কম বয়সি অবিবাহিত সন্তানরা অভিবাসনের সুযোগ পেয়ে থাকেন।

নতুন বুলেটিন অনুযায়ী, এফ-২এ ক্যাটাগরির ‘ফাইনাল অ্যাকশন ডেট’ ১ জানুয়ারি ২০২৫ থেকে এগিয়ে ২২ জুলাই ২০২৬ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কাট-অফ তারিখে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। যেসব বাংলাদেশি আবেদনকারীর অগ্রাধিকার তারিখ ২২ জুলাই ২০২৬-এর আগে, তাদের জন্য এখন অভিবাসন ভিসা ইস্যু বা সংশ্লিষ্ট প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়ম অনুযায়ী, ভিসা বুলেটিনের ‘ফাইনাল অ্যাকশন ডেট’ নির্ধারণ করে দেয় যে কোন অগ্রাধিকার তারিখের আবেদনকারীদের ভিসা ইস্যু করা সম্ভব হবে। এছাড়া জাতীয় ভিসা কেন্দ্রের তথ্যমতে, সংখ্যাগতভাবে সীমিত পরিবারভিত্তিক ভিসা ক্যাটাগরিতে সাক্ষাৎকারের জন্য আবেদনকারীর অগ্রাধিকার তারিখ কার্যকর থাকা আবশ্যক। আগস্টের এই অগ্রগতি দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বাংলাদেশি পরিবারগুলোর জন্য দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি বয়ে এনেছে।

শেয়ার করুন