রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, উল্টো বেড়েছে আটা-ময়দা ও নিত্যপণ্যের দাম

প্রকাশ:

সরকার নির্ধারিত দাম ঘোষণা করার পরও রাজধানীর খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। মুদি দোকানিদের অভিযোগ, কোম্পানিগুলোতে অর্ডার দেওয়ার পরও তেল পেতে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২০৪ টাকা নির্ধারণ করা হলেও অধিকাংশ দোকানেই পর্যাপ্ত সরবরাহ নেই। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, বাজারে খোলা আটার দাম এখন প্রতি কেজি ৪৮ থেকে ৫০ টাকা, যা এক মাস আগেও ছিল ৪৫ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে আটার দাম ৩ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ময়দার দামও। খোলা ময়দা আগে ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৬৫ থেকে ৭০ টাকায় কিনতে হচ্ছে। এছাড়া প্যাকেটজাত ময়দার দাম এক মাস আগের ৬৫ থেকে ৭৫ টাকার তুলনায় বেড়ে এখন ৭৫ থেকে ৮৫ টাকায় দাঁড়িয়েছে।

নিত্যপণ্যের এই ঊর্ধ্বমুখী দামের প্রভাব পড়েছে অন্যান্য পণ্যেও। বাজারে প্রতি ডজন ফার্মের ডিম ১৫০ টাকা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সবজি ও মাছের দামও চড়া। তেল, আটা-ময়দা থেকে শুরু করে ডিম ও মুরগির বাড়তি দাম নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয়কে আরও অসহনীয় করে তুলেছে।

শেয়ার করুন