শিক্ষকদের উপযুক্ত সামাজিক ও আর্থিক মর্যাদা প্রদান করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী। শুক্রবার বিকেলে সীতাকুণ্ডের মুরাদপুরস্থ শহীদ ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যাপীঠ প্রাঙ্গণে প্রয়াত প্রধান শিক্ষক শ্রী আশুতোষ চক্রবর্তীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, জন্মের পর প্রতিটি শিশু অজ্ঞ ও অবুঝ থাকে। শিক্ষকরাই জ্ঞান, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে শিশুকে ভবিষ্যতের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলেন। পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি স্তরে নেতৃত্ব ও নৈতিকতার ভিত্তি তৈরিতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, শিক্ষকদের কেবল আনুষ্ঠানিক সম্মান জানালেই হবে না, তাদের দায়িত্ব পালনের জন্য সুন্দর পরিবেশ, সামাজিক সুরক্ষা এবং যথাযথ আর্থিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে। শিক্ষকদের প্রাপ্য সম্মান দেওয়া না হলে মেধাভিত্তিক ও মানবিক সমাজ গঠন সম্ভব নয়। তিনি আরো যোগ করেন, শিক্ষকদের সম্মান জানানো কেবল একটি আনুষ্ঠানিকতার বিষয় নয়। নিজেদের মেধা, শ্রম ও নিষ্ঠা দিয়ে শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করেন, যা পরবর্তীতে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলায়। শিক্ষকরা মর্যাদার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ পেলে শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি সমাজে নৈতিকতা ও সুশাসনের ভিত্তিও সুদৃঢ় হবে।
প্রয়াত প্রধান শিক্ষক আশুতোষ চক্রবর্তীর স্মৃতিচারণ করে আসলাম চৌধুরী বলেন, তিনি ছিলেন সীতাকুণ্ডের শিক্ষা বিস্তারে এক নিবেদিতপ্রাণ মহান ব্যক্তিত্ব। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে তার অবদান স্মরণীয়। তিনি দীর্ঘ কর্মজীবনে অগণিত শিক্ষার্থীকে সততার আলোয় আলোকিত করেছেন, যারা আজ দেশ-বিদেশে প্রতিষ্ঠিত। এমন নিবেদিতপ্রাণ শিক্ষকের আদর্শ অনুসরণ করাই হবে তার প্রতি শ্রদ্ধা জানানোর শ্রেষ্ঠ উপায়।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন আবুল কাশেম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জসিম উদ্দিন ভূঁইয়া ও এমরান হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর এবং সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন। এছাড়াও স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান, দিদারুল আলম, কর্নেল ফখরুদ্দিন, নিলাঞ্জনা এবং বর্তমান প্রধান শিক্ষক বিল্টু কুমার সিংহ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের এই সাফল্যের মধ্যেই একজন শিক্ষকের সার্থকতা নিহিত।
সূত্র: দৈনিক আমার দেশ








